খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ইউপিডিএফ নেতা জুনেল চাকমা (৩১) নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নে কাঙারীমা ছড়ায় এই ঘটনা ঘটে। হত্যার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) লারমাপন্থিদের দায়ী করেছে ইউপিডিএফ। নিহত জুনেল চাকমা দীঘিনালার আমতলী গ্রামের তত্ত রঞ্জন চাকমার ছেলে।
এ বিষয়ে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেন, সাংগঠনিক কাজ শেষে সকালে হাঙেরীমাছড়া (শান্তি বিকাশ কার্বারিপাড়া) গ্রামের ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন জুনেল চাকমা। এ সময় জেএসএসের ৭-৮ জন স্বশস্ত্র সন্ত্রাসী অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে হত্যাকান্ডের অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষ জেএসএস এম এন লারমার কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক জুপিটার চাকমা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হক জানান, প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতাকে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হবে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

-পার্বত্য সময়