খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও চাঁদার রসিদসহ পাইমং মারমা (২৪) নামের ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (৮ জুন) দুপুরে মানিকছড়ির জামতলা ওয়াকছড়ি পাড়া এলাকায় ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের অধীনস্থ মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বি-টাইপ পেট্রোল দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃত পাইমং মারমা ওয়াকছড়ি গ্রামের থোইয়াংপ্রু মারমার ছেলে। অভিযানকালে তার কাছ থেকে একটি ম্যানুয়ালি লোডেড পিস্তল, ৭.৬২ মি.মি ক্যালিবারের ছয় রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রসিদ এবং একটি অপ্রকাশিত পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, "সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান আগেও চলেছে, ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।"

আটককৃত পাইমং মারমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সদস্যরা এলাকায় চাঁদাবাজি ও অস্ত্রের ভয় দেখিয়ে প্রভাব বিস্তার করে চলেছে, যা জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
--পার্বত্য সময়