খাগড়াছড়ির মাটিরাঙ্গায়  জেএসএস (সন্তু) সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় এক ইউপিডিএফ (প্রসীত) সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় এক নারী আহত হয়েছেন।
বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যান পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত ইউপিডিএফ সদস্যের নাম সুবি ত্রিপুরা (৩৫)। তিনি হেডম্যান পাড়ার বাসনা ত্রিপুরার ছেলে। আর আহত নারীর নাম তারাবতী ত্রিপুরা (২০)। তিনি নিহত সুবি ত্রিপুরার ছোট বোন এবং তার স্বামীর নাম ধন ত্রিপুরা।
এদিকে রোববার (১৬ মার্চ) রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া তৈমিদুং এলাকায় জেএসএস সন্ত্রাসীরা ইউপিডিএফের পরিচালক নির্মল চাকমাকে গুলি করে হত্যা করে। স্থানীয়রা বলছে, এর আগে ১২ মার্চ রাঙামাটির শুভলংয়ের রূপবান এলাকায় জেএসএসের কালেক্টর সম্রাট চাকমা হত্যার বদলা নিতেই এই হামলা চালিয়েছিল জেএসএস'র সশস্ত্র গ্রুপ।
আজকের এ হত্যাকাণ্ডের পর স্থানীয়রা বলছেন, সম্রাট চাকমার হত্যার ক্ষোভ এখনও মেটাতে পারেনি জেএসএস। তারা আরও ইউপিডিএফ কর্মী খুন করতে পারে বলে উদ্বেগ তাদের।

-পার্বত্য সময়