রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা–দিঘিনালা সড়কের ১১ কিলোমিটার এলাকায় বিশেষ অভিযানে অস্ত্র, চাঁদার রশিদ ও নিষিদ্ধ সামগ্রীসহ ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)–এর দুই চাঁদা আদায়কারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন—সুবেল চাকমা (৪২) ও বিন্দুময় চাকমা (৪২)। তারা ইউপিডিএফ প্রসীত গ্রুপের সক্রিয় ‘কালেক্টর’ হিসেবে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিলেন বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি পিস্তল, চাপাতি, রামদা, নগদ অর্থ, মোবাইল ফোন, চাঁদা আদায়ের রশিদ এবং আরও কিছু নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়।
বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ রানা জানান, “দীর্ঘদিন ধরে ইউপিডিএফ চক্রটি মারিশ্যা-দিঘিনালা সড়কের আশপাশে অবস্থান নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের দমন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, আটক দুইজনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের মতো সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি, অস্ত্রধারণ ও সহিংস কার্যক্রমের অভিযোগ রয়েছে। নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের দাবি—অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এসব সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে।
-পার্বত্য সময়


