জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহারে পার্বত্য চট্টগ্রামের মৌলিক দাবিগুলোর কোনো প্রতিফলন নেই বলে দাবি করেছে প্রসীত খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট -ইউপিডিএফ। এ কারণে ইশতেহারটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি প্রকাশিত বিএনপির ইশতেহারে পার্বত্য চট্টগ্রামের জনগণের রাজনৈতিক স্বীকৃতি, ভূমি অধিকার, স্বায়ত্তশাসন, বেসামরিকীকরণ, মানবাধিকার ও জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতিসহ মৌলিক দাবিগুলোর কোনো উল্লেখ নেই। পাশাপাশি পাহাড়ে সেটলার পুনর্বাসন নীতি থেকে সরে আসার বিষয়েও বিএনপির অবস্থান অস্পষ্ট।
বিবৃতিতে আরও বলা হয়, ‘টেকসই শান্তি’ ও ‘উন্নয়ন’-সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো অন্তঃসারশূন্য। উন্নয়নের নামে এক্সক্লুসিভ ট্যুরিজম জোন প্রতিষ্ঠা পাহাড়ি জনগোষ্ঠীর ভূমি দখল ও উচ্ছেদের ঝুঁকি বাড়াবে বলেও সতর্ক করা হয়।
এ অবস্থায় তিন পার্বত্য জেলায় বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা ও রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ইউপিডিএফ।


