খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় চলমান সন্ত্রাস দমনে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। রোববার (১১ মে) গভীর রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ (প্রসীত)-এর সক্রিয় সন্ত্রাসী জীবন চাকমা ওরফে কিনাধন চাকমা (২৮)–কে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
লক্ষ্মীছড়ি জোনের একটি চৌকস আভিযানিক দল রাত ২টার দিকে দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি, একটি ইউনিফর্ম, ২টি মোবাইল ফোন, ১টি নোটবুক ও একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জীবন চাকমা লক্ষ্মীছড়ির কৈলাশ মহাজন পাড়ার মৃত শান্তি চাকমার ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইউপিডিএফ (প্রসীত)-এর হয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সশস্ত্র তৎপরতার মাধ্যমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছিল।
নিরাপত্তা বাহিনী জীবন চাকমাকে অস্ত্রসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জীবন চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। তারা বলেন, ইউপিডিএফ (প্রসীত)-এর মতো সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এমন আরও কঠোর অভিযান চালানো দরকার।
পাহাড়ের জনপদে যারা ভয়, অস্ত্র ও চাঁদার রাজত্ব কায়েম করতে চায়, তাদের রুখতেই এই অভিযান। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এমন দৃঢ় অবস্থান অব্যাহত থাকলে, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা স্থায়ী হবে বলে মনে করছেন সচেতন মহল।
-পার্বত্য সময়


