খাগড়াছড়ির গুইমারা উপজেলায় চাঁদা আদায়ের সময় অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর এক সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিন্দুকছড়ি সেনা জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বরইতলী এলাকায় অভিযান চালিয়ে কলইপা ত্রিপুরা নামের ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি লংগান (এলজি), একটি কার্তুজ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি ইউপিডিএফ মূল দলের কালেক্টর হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় করে আসছিলেন।
আটকের পর রাতেই তাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গুইমারা থানার ওসি মো. এনামূল হক জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

-পার্বত্য সময়