শুধু অস্ত্র, চাঁদাবাজি, মাদক আর আধিপত্য বিস্তারে সীমাবদ্ধ নেই পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (প্রসীত)। বন উজাড় করে কাঠ পাচারের সাথেও জড়িত এই চক্র। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে প্রায় সোয়া কোটি টাকার কাঠ জব্দ করা হয়েছে। ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকায় বিপুল পরিমাণ বনজ সম্পদ পাচারের সময় এ কাঠ উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা সূত্র।
জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বর্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পাচারের উদ্দেশ্যে মজুদ করা প্রায় ৪ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এই কাঠ পাচারচক্রের সঙ্গে ইউপিডিএফ (প্রসীত)-এর সদস্যরা সরাসরি জড়িত। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও বনজ সম্পদ পাচারসহ নানা অপরাধে লিপ্ত।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী সর্বদা সক্রিয় থাকবে।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্যরা মাদক ও কাঠ পাচারের মতো অপরাধ ঢাকতে সেনা উপস্থিতি নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। তবে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করায় এসব অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটেছে।


