খাগড়াছড়িতে পার্বত্য শান্তি চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট -ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত তিন সংগঠনের ডাকে আধাবেলা সড়ক অবরোধ চলছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত।
মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি।


অবরোধের কারণে খাগড়াছড়ি জেলা শহরের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে স্থবির হয়ে পড়েছে জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও। তবে সীমিত পরিসরে শহর ও উপজেলা এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।


অবরোধকারীরা ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কের চেঙ্গী ব্রিজ ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুল এলাকার সামনে টায়ার ও গাছের গুঁড়ি পুড়িয়ে সড়ক অবরোধ করে। একইভাবে খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
অবরোধ চলাকালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর সকালে মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় ছয়জন সন্ত্রাসী গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে। তবে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করে। এ ঘটনার পর থেকেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে পাহাড়ি সংগঠনগুলো।

-পার্বত্য সময়