বাংলাদেশ ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের ‘পুনর্বিবেচনার’ আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণে ‘সর্বোচ্চ সতর্কতা’ (Level-4 advisory) জারি করেছে তারা। গত শুক্রবার (১১ এপ্রিল) দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নিরাপত্তা সতর্কবার্তা প্রকাশ করা হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, অস্থিতিশীলতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে Level-3: “Reconsider travel” ক্যাটাগরিতে রাখা হয়েছে। বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলার ক্ষেত্রে বলা হয়েছে, “Do not travel”, অর্থাৎ ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলার পরামর্শ।
দূতাবাসের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে জাতিগত সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণসহ অন্যান্য নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। পাশাপাশি চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার আশঙ্কাও তুলে ধরা হয়েছে। ২০২৪ সালের গ্রীষ্ম থেকে অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই এসব পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
এছাড়া সারা দেশেই বিক্ষোভ, প্রতিবাদ বা জনসমাবেশ যে কোনো সময় সহিংস হয়ে উঠতে পারে বলে উল্লেখ করে সেগুলো থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের।
দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা এখনও একটি বাস্তব ঝুঁকি, এবং এ কারণে কূটনৈতিক এলাকায় অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের খুব প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী ঢাকার বাইরে ভ্রমণের জন্য তাদের বিশেষ অনুমতি নিতে বলা হয়েছে, যদিও সিলেট ও কক্সবাজার এর ব্যতিক্রম হিসেবে চিহ্নিত।
পরিশেষে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে যেন তারা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এবং সর্বদা সর্বশেষ নির্দেশনা অনুসরণ করেন।

-পার্বত্য সময়