চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী বাজার সংলগ্ন পাহাড় থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মং চালু (৩৬), মনুচিং মারমা (৪০), লুকু-ম (৩৬), লুসাই মারমা (৩০), চাইসাও (৪০) ও চাচিংপু মারমা (৩৮)। তাদের বাড়ি বান্দরবান জেলায়।
চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে প্রথমে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
অভিযানে একটি শ্যুটারগান, ৩০ রাউন্ড গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনা কর্মকর্তা জানান।
স্থানীয়দের ভাষ্যমতে, পাহাড়ি পথ ধরে বান্দরবান থেকে নিয়মিত চন্দনাইশে প্রবেশ করে এসব সন্ত্রাসী। তারা পাহাড়ে চাষাবাদ, বাগানে কাজ করতে যাওয়া মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সোমবারও একইভাবে বান্দরবান থেকে এসে চন্দনাইশে অবস্থান নিলে স্থানীয়রা সাহসিকতার সঙ্গে তাদের প্রতিরোধ করে সেনাবাহিনীকে খবর দেন।
-পার্বত্য সময়


