“ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামে সমঅধিকার নিয়ে কথা বলার সুযোগ ছিল না,”- এমন মন্তব্য করেছেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন আমরা মুক্তভাবে কথা বলতে ও কাজ করতে পারছি।”
শনিবার (২ আগস্ট) রাঙামাটি জেলা শাখার আয়োজনে চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের সদস্য নুরুল আফসার।
সম্মেলনে বক্তব্য দেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সংগঠনের সদস্য মাহবুব এলাহী, অ্যাডভোকেট মো. আবছার আলী, মো. কামাল উদ্দিন, অ্যাডভোকেট মো. সুজন কামাল, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মো. নুরুল আলম, জেলা সদস্য জাহিদ মোস্তফা, বাঘাইছড়ি প্রতিনিধি খোরশেদ আলম, রাজস্থলী প্রতিনিধি মো. আলাউদ্দিন, নানিয়ারচর প্রতিনিধি ইস্রাফিল, কাউখালী প্রতিনিধি সোহেল রিগ্যান, বরকল প্রতিনিধি আব্দুল জলিল এবং লংগদু প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন।
বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “পার্বত্য জেলা পরিষদসহ উন্নয়ন সংস্থাগুলোর নিয়োগে দীর্ঘদিন ধরে বিদ্যমান বৈষম্যমূলক নিয়ম বাতিল করে হাইকোর্টের সাম্প্রতিক রায়ের আলোকে নতুন নীতিমালা বাস্তবায়ন করতে হবে।” তিনি ভূমি বন্দোবস্ত ও সরকারি ঋণ সংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সংলাপ শুরু করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন রয়েছে।”
সম্মেলনে জেলার ১০টি উপজেলার প্রতিনিধিরা অংশ নেন এবং আগামীর আন্দোলন নিয়ে মতবিনিময় করেন।
-পার্বত্য সময়


