খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ১০টি সিগন্যাল ওয়াকিটকি সেটসহ বিভিন্ন সামগ্রী বহনের সময় এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর মেইন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম চন্দন ত্রিপুরা (৪০)। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার প্যারাছড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একজন ঠিকাদার হিসেবে কাজ করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি গাড়িতে তল্লাশি চালিয়ে কার্টনের মধ্যে থাকা ওয়াকিটকি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।
চন্দন ত্রিপুরা জানান, ‘স্বপ্ন কম্পিউটার’ নামে খাগড়াছড়ির একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফোন পেয়ে তিনি কার্টনটি গ্রহণ করে নির্ধারিত স্থানে পৌঁছে দিচ্ছিলেন। কার্টনের ভেতরের মালামালের বিষয়ে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন।
অন্যদিকে, কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকেও জানানো হয়েছে, পাঠানো পণ্যের ভেতরের উপকরণ সম্পর্কে তারা অবগত ছিলেন না।
ওই কার্টনের মধ্যে থাকা ওয়াকিটকিসহ প্রযুক্তি সরঞ্জামাদি ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের ‘ইনফো টাচ টেকনোলজি’ নামক দোকান থেকে কেনা হয়েছে বলে জানা গেছে। তবে দোকান কর্তৃপক্ষ ক্রেতার পরিচয় জানাতে পারেনি বলে জানা গেছে।
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। উদ্ধারকৃত সামগ্রী স্থানীয় কোনো গোষ্ঠীর দ্বারা ব্যবহার হওয়ার সম্ভাবনা তদন্তের আওতায় আনা হচ্ছে।”
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

-পার্বত্য সময়