রাঙামাটি জেলা সদর ঝগড়াবিলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দ্রুত বিকেএসপি স্থাপনের পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ক্লাব অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাহবুবুল বাসেত অপু।
বক্তারা অভিযোগ করেন, বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপন নিয়ে টালবাহানা ও গোপন ষড়যন্ত্র চলছে। তারা বলেন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন ও বর্তমান জেলা প্রশাসক মিজানুর রহমান উভয়েই ক্রীড়া মন্ত্রণালয়ে মতামত দিয়েছেন যে ঝগড়াবিল এলাকা বিকেএসপি স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। আমরা আশা করি, বর্তমান প্রশাসক আগের অবস্থান থেকে সরে যাবেন না।
তারা আরও বলেন, একটি প্রভাবশালী মহল বিকেএসপির অবস্থান পরিবর্তন করে সদর থেকে কাপ্তাই বা কাউখালী এলাকায় নিতে চাচ্ছে। এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না, বলেন বক্তারা।
বক্তাদের দাবি, রাঙামাটি থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু ক্রীড়াবিদ উঠে এসেছে। তাদেরই প্রত্যাশা, বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র জেলা সদরে, ঝগড়াবিলেই স্থাপন করা হোক।
বক্তারা সতর্ক করে বলেন, বিকেএসপি স্থাপন নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলনে নামবে রাঙামাটিবাসী।
মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা এনসিপি নেতা সহিদুল ইসলাম, প্রীতিময় চাকমা, রিপন চাকমা, দিল বাহার রায়, আব্দুল মান্নানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র রাঙামাটি সদরেই স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।


