খাগড়াছড়ির লুলাইং এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি পিস্তল ও গোলাবারুদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযানে আটক এক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র জব্দ করা হয়।

সূত্র জানায়, মঙ্গলবার (৩ মার্চ) ভোর আনুমানিক চারটার দিকে লুলাইং অস্থায়ী সেনা ক্যাম্পে আটক প্রেন পং ম্রো (২৬) নামের এক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী একটি টহল দল মেরেত্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পরে স্পেশাল টহল দলের সদস্যরা বাজার সংলগ্ন জঙ্গলে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্র ও সামগ্রী লুলাইং ক্যাম্পে নিয়ে আসা হয়।

অভিযান চলাকালে একটি বাটন মোবাইল ফোন, একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, সিমকার্ড, নগদ টাকা জব্দ করা হয়।

জানা যায়, অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সব মালামাল সকাল আটটার দিকে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দীপেন শীলের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।