বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সীমান্তবর্তী এই এলাকায় অবৈধ অস্ত্র উৎপাদনের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
সোমবার (৫ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ি। অভিযানের নেতৃত্ব দেন ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. খুরশেদ আলম।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবু আহম্মদ গুনার ফাতেমা ছড়া নামক দুর্গম ও গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঁচামাল ও সরঞ্জাম পাওয়া যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. খুরশেদ আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, সীমান্তবর্তী এই এলাকায় কোনো সংঘবদ্ধ চক্র অবৈধ অস্ত্র উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


