বান্দরবানের লামা উপজেলায় তামাক চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আয়েশা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) সকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি জনপদ বড়বিল পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম বড়বিল পাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের স্ত্রী। সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর তাকে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লামা থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক ভূঁইয়া জানান, বড়বিল পাড়ার বাসিন্দা তৌহিদ আলমের তামাক চুল্লিতে নিহত বৃদ্ধার ছেলে মীর আহমদ নিয়মিত তামাক পোড়াতেন। ঘটনার দিন চুল্লিতে তার কিছু তামাক রাখা ছিল। ভুলক্রমে পাশের গ্রামের জব্বর আলীর ছেলে রুবেল ওই চুল্লি থেকে প্রায় চার কেজি তামাক নিয়ে যান।
এ নিয়ে মীর আহমদ ও রুবেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে মীর আহমদের মা আয়েশা বেগম গুরুতর আহত হন।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এনামুল হক ভূঁইয়া। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনার তদন্ত এগিয়ে নিচ্ছে।

-পার্বত্য সময়