বান্দরবানে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগে একই পরিবারের চারজনকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) বিকালে পৌর এলাকায় ৪নং ওয়ার্ডের বনরুপা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- বান্দরবান পৌরসভার ৬ নং ওয়ার্ড বনরুপা পাড়ার বাসিন্দা মৃত মোহন বালি দাশের ছেলে অজিত দাশ (৫৫), লিটন  দাশের স্ত্রী রিমা দাশ, অজিত দাশের ছেলে অভি দাশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী অজিত দাশ তার পরিবারসহ ৪ থেকে ৫ জন মহিলা এবং ৭ থেকে ৮ জন মুখোশধারী লোকজন নিয়ে শিমু দাশকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তারা শিমু দাশকে হাত বেঁধে বিবস্ত্র করে মারধর করে এবং বটি দিয়ে মাথার চুল কেটে দেয়। এছাড়া ঘরের দরজা ভেঙ্গে আসবাব পত্রসহ বিভিন্ন মালামাল ঘর থেকে বাইরে নিয়ে আসে।

এসময় পাশের এক প্রতিবেশী ঘটনা দেখে ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে শিমু দাশকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে অজিত দাশসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নির্যাতিত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দা মিলন পাল জানান, বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী অজিত দাশ তার পরিবারসহ বেশ কয়েকজন মুখোশ পরিহিত লোকজন নিয়ে শিমু দাশকে বাড়ি থেকে উচ্ছের উদ্দেশে হামলা চালায়। এসময় তারা শিমু দাশকে হাত বেঁধে বিবস্ত্র করে মারধর করে বটি দিয়ে মাথার চুল কেটে দেয়। এছাড়া ঘরের দরজা ভেঙ্গে আসবাব পত্রসহ বিভিন্ন মালামাল ঘর থেকে বাইরে নিয়ে আসে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও অজিত দাশসহ ৪ জনকে আটক করে পুলিশ।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, জায়গা নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। ৯৯৯-এ দিলে বান্দরবান থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে শিমু দাশকে উদ্ধার করে। এসময় ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, ভিকটিমের পরিবার ৯৯৯-এ কল করলে বান্দরবান সদর থানার এসআই সমীর ভট্টাচার্য ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় চারজনকে আটক করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।