বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রাবার গাছে ঝুলন্ত অবস্থায় মনজুর আলম (২৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে জেলার রোয়াংছড়ি উপজেলায় অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) নামে এক ইজিবাইক চালক রোববার রাত থেকে নিখোঁজ রয়েছেন।
নাইক্ষ্যংছড়িতে শ্রমিকের মরদেহ
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের ২৭৯ নম্বর বাঁকখালী মৌজার লতাবনিয়া পাহাড়ি এলাকা থেকে মনজুর আলমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের মোহাম্মদ আমির ওরফে আমির হামজার ছেলে। নিহতের স্ত্রী রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার জানান, সকালে রাবার গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। রবিবার সকালে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে ঘটনাটি ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।” মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রোয়াংছড়িতে ইজিবাইক চালক নিখোঁজ
এদিকে রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের নাটিং ঝিরি এলাকার ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা রোববার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তিনি পেশায় ইজিবাইক (টমটম) চালক।

ছবি: সংগৃহীত


স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সারাদিন যাত্রী পরিবহন শেষে রাতে ইজিবাইক বাসস্টেশনে রেখে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। সোমবার সকাল থেকে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
রোয়াংছড়ি থানার ওসি এম সাকের আহমেদ বলেন, “নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যরা তারাছা খালে তল্লাশি চালাচ্ছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

-পার্বত্য সময়