পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দেশের প্রতিটি মানুষের কল্যাণ নিশ্চিত করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলে বসবাসকারী পাহাড়ি ও বাঙালিসহ সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আমরা কাজ করছি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) রাঙামাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সহস্রাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, বিত্তবান ও সচেতন নাগরিকদেরও এ কাজে এগিয়ে আসা প্রয়োজন। তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী যেন আনন্দ ও মর্যাদার সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে পারে, সে জন্য দল-মত নির্বিশেষে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।

অনুষ্ঠানে বিএনপি নেতা মানস মুকুর চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, মসজিদের ইমাম মাওলানা হারুন, হাফেজ মোঃ আফসার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভবিষ্যতে পার্বত্য অঞ্চলে বসবাসকারী সব সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় উৎসব সার্বজনীনভাবে উদযাপিত হবে- এমন আশাবাদও ব্যক্ত করেন পার্বত্য মন্ত্রী।