পার্বত্য চট্টগ্রামের পরিবেশগত ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে খাগড়াছড়িতে নারী, যুবক ও শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্টের উদ্যোগে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে চারা বিতরণ করেন। তিনি বলেন, স্থানীয় মানুষকে পরিবেশ রক্ষায় সরাসরি সম্পৃক্ত করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নারীদের পাশাপাশি যুবসমাজ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মধ্য দিয়ে এই উদ্যোগকে আরও কার্যকর করা হচ্ছে। গ্রামের মানুষ তাদের বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও চড়ার পাড়ে এসব চারা রোপণ ও পরিচর্যা করবে। এ উদ্যোগ পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করলিয়া প্রকল্প কর্মকর্তা পরিচিতা খীসা, বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, ইউনিয়ন পরিষদের সদস্য এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কানাডা সরকারের আর্থিক সহযোগিতায় এবং ইউএনডিপির ব্যবস্থাপনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। আয়োজকরা জানান, নারী ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পার্বত্য অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি।
প্রকল্পের অংশ হিসেবে খাগড়াছড়ি সদরে ৩ হাজার ৭৯টি এবং জেলার বিভিন্ন স্থানে মোট ১৬ হাজার ৮৮৪টি চারা বিতরণ করা হয়েছে।
-পার্বত্য সময়


