সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অপরাধ দমনে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং দলমত নির্বিশেষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

রোববার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, অপরাধের সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজ দলের নেতা-কর্মী হলেও তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দখলবাজি রোধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় পরিচয়ের চেয়ে অপরাধীকে আইনের আওতায় আনা সরকারের প্রধান লক্ষ্য।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দ্রব্যমূল্যসহ অনেক কিছুই নিয়ন্ত্রণে রয়েছে, যা প্রশাসন ও সরকারের একটি বড় সফলতা। পবিত্র ঈদুল ফিতর এবং ঈদ-পরবর্তী সময়েও জনজীবন ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

মীর হেলাল বলেন, চট্টগ্রামকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। একটি সমৃদ্ধ ও শান্তিময় জাতি গঠনে সরকার নিরলসভাবে কাজ করছে এবং অপরাধের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

সভায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।