কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় একটি বিরল প্রজাতির বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২০ থেকে ২২ ফুট লম্বা ও ১০০ কেজি ওজনের এই সাপটি স্থানীয় বাসিন্দাদের বাড়ির আঙিনা থেকে উদ্ধার করে বনবিভাগের কর্মীরা। পরে সাপটিকে জাহাজপুরা গর্জন বাগানে অবমুক্ত করা হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) রাত নয়টায় বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামের বাসিন্দা আব্দুস শুক্কুরের বাড়ির আঙিনায় এই বিরল প্রজাতির অজগর সাপ দেখা যায়। স্থানীয়রা বিষয়টি বনবিভাগকে জানালে শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।
উদ্ধারকারী দলে শামলাপুর ভি সি জি সভাপতি ও পুরানপাড়া ভি সি এফ সভাপতি আমির মুহাম্মদ শাহজাহান, আমিনুল হক, মো. জাফর, শামলাপুর এফসিসি ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল উদ্দিনসহ স্থানীয়রা অংশ নেন। তারা সাপটিকে নিয়ন্ত্রণে এনে একটি বস্তায় ভরে রাতেই জাহাজপুরা গর্জন বাগানে অবমুক্ত করেন।
শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, "অজগর সাপটি ২০ থেকে ২২ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ১০০ কেজি। এটি একটি বিরল প্রজাতির বার্মিজ পাইথন, যার বৈজ্ঞানিক নাম পাইথন বাইভিটেটোস। এলাকায় এর আগে এত বড় অজগর সাপ দেখা যায়নি। সাপটি লোকালয়ে প্রবেশ করায় তা উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।"
উদ্ধারকারী দলের প্রধান আমির মুহাম্মদ শাহজাহান বলেন, "২০১৯ সাল থেকে এখন পর্যন্ত আমরা প্রায় দুই হাজারের বেশি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছি। গত বছর আমরা চারটি কিং কোবরা সাপ উদ্ধার করেছি, যা অত্যন্ত বিষধর প্রজাতির। এছাড়াও বিভিন্ন ধরনের বন্যপ্রাণী উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়েছে।"
স্থানীয় বাসিন্দারা জানান, সাপটি দেখে তারা ভয় পেয়ে গিয়েছিলেন এবং দ্রুত বনবিভাগকে খবর দেন। বনবিভাগের দ্রুত পদক্ষেপের জন্য তারা কৃতজ্ঞতা জানান।
বনবিভাগ সূত্রে জানা গেছে, বার্মিজ অজগর সাপটি নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। এ ধরনের বিরল প্রজাতির সাপ উদ্ধার ও সংরক্ষণে বনবিভাগের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ ঘটনায় স্থানীয়রা বন্যপ্রাণী সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বনবিভাগের দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রশংসা করেছেন।
-পার্বত্য সময়

