পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস তাইমুর এবং সদ্য কমিশনপ্রাপ্ত সাবমেরিন পিএনএস হাঙ্গরের মালয়েশিয়ার সাবাহ অঞ্চলের কোটা কিনাবালু নৌঘাঁটিতে ৮ থেকে ১১ মে পর্যন্ত ‘অপারেশনাল ভিজিট’ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নতুন করে কৌশলগত আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ চীন সাগরকে ঘিরে বাড়তে থাকা সামুদ্রিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই সফরকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন আঞ্চলিক প্রতিরক্ষা বিশ্লেষকরা।

ফ্রন্টলাইন মাল্টি-রোল করভেট পিএনএস তাইমুর এবং পাকিস্তানের নতুন সাবমেরিন সক্ষমতার প্রতীক পিএনএস হাঙ্গরের যৌথ মোতায়েন পাকিস্তানের সমুদ্রপথে দীর্ঘপাল্লার অভিযানে সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত বহন করছে। এটি ইসলামাবাদের ব্লু-ওয়াটার নৌ-অভিযান সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষাকেও সামনে নিয়ে এসেছে।

বিশ্লেষকদের মতে, সাবাহ ও পূর্ব মালয়েশিয়ার সামুদ্রিক অবকাঠামোর কৌশলগত গুরুত্ব দ্রুত বাড়ছে। কারণ দক্ষিণ চীন সাগর ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বিভিন্ন নৌ-শক্তি তাদের উপস্থিতি জোরদার করছে।

মালয়েশিয়ার জলসীমায় পাকিস্তানের এই আধুনিক নৌসম্পদের উপস্থিতি পাকিস্তান ও মালয়েশিয়ার মধ্যকার প্রতিরক্ষা কূটনীতির ক্রমবর্ধমান সম্পর্ককেও তুলে ধরেছে। একই সঙ্গে এটি আঞ্চলিক নৌ-সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

রয়্যাল মালয়েশিয়ান নেভি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছে, ‘পাকিস্তান নৌবাহিনীর এই সম্পদের উপস্থিতি দুই দেশের নৌবাহিনীর মধ্যে শক্তিশালী সামুদ্রিক প্রতিরক্ষা সম্পর্ক এবং দীর্ঘস্থায়ী পেশাদার সহযোগিতার প্রতিফলন।’

তারা আরও জানায়, সফর চলাকালে প্রশাসনিক, নিরাপত্তা ও অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ফরমেশন হেডকোয়ার্টার, বিভিন্ন শাখা এবং ইউনিট আন্ডার কমান্ডের সমন্বয়ে বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করা হয়।

এই সফর শুধু আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতি ও সামুদ্রিক সহযোগিতা জোরদার করেনি, বরং দুই নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অপারেশনাল জ্ঞান বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ক্ষেত্রও তৈরি করেছে বলে জানায় মালয়েশিয়ান নৌবাহিনী।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি নিয়মিত নৌ-সফর নয়; বরং পাকিস্তান নৌবাহিনীর দীর্ঘ দূরত্বে একই সঙ্গে সারফেস ও সাবসারফেস যুদ্ধজাহাজ পরিচালনার সক্ষমতার প্রদর্শন।

একই সঙ্গে পিএনএস তাইমুর ও পিএনএস হাঙ্গরের মোতায়েন পাকিস্তানের সাম্প্রতিক নৌ-আধুনিকায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে চীন ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা-শিল্প সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক চোকপয়েন্ট, সাবমেরিন যুদ্ধ সক্ষমতা এবং অ্যান্টি-অ্যাকসেস কৌশলকে ঘিরে প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের এই সফরকে কৌশলগত বার্তা হিসেবেও দেখছেন অনেকে।

পাকিস্তানের পক্ষ থেকে এই সফরকে প্রকাশ্যে গুরুত্ব দিয়ে তুলে ধরা ইসলামাবাদের বৃহত্তর লক্ষ্যকেও স্পষ্ট করছে—আরব সাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিজেদের প্রভাবশালী সামুদ্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা।

সফরকালে জাহাজ দুটিতে রসদ সরবরাহ, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সমন্বয় এবং নাবিকদের বিশ্রামের ব্যবস্থাও করা হয়। সফর শেষে পিএনএস তাইমুর ও পিএনএস হাঙ্গর পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সামুদ্রিক অঞ্চলের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখবে বলে জানা গেছে।