ভারতের মণিপুর রাজ্যের কামজং জেলার ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় ৭ মে ভোরে তীব্র গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আটকা পড়া নারী ও শিশুসহ ১৫ জন স্থানীয় গ্রামবাসীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় আসাম রাইফেলস সদস্যরা।

গোলাগুলির ঘটনা ঘটে জেলার জেড চোরো গ্রামের আশপাশ এবং মিয়ানমারের সাগাইং অঞ্চলের খামতি টাউনশিপের নামলি গ্রামের সীমান্ত এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, ভারী ও হালকা অস্ত্রের গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। সীমান্তসংলগ্ন গ্রামগুলোর বাসিন্দারা ভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বেসামরিক লোকজনকে সুরক্ষা দিতে দ্রুত উদ্ধার অভিযান চালায় আসাম রাইফেলস। উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়।