ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেছেন, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে সৃষ্টি হওয়া সংকট নিরসনে অগ্রগতি অত্যন্ত ধীর হওয়ায় আসিয়ান নেতারা হতাশা প্রকাশ করেছেন।
শুক্রবার অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি অত্যন্ত জটিল ও কঠিন একটি সমস্যা, যার এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বা কার্যকর সমাধান সামনে আসেনি।
মার্কোস বলেন, মিয়ানমার আসিয়ানের প্রস্তাবিত পাঁচ দফা ঐকমত্যে সম্মত হলেও বাস্তবে পরিস্থিতির কোনো দৃশ্যমান অগ্রগতি সদস্য দেশগুলো দেখতে পাচ্ছে না।
তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিয়ানমার ইস্যুতে আরও অগ্রগতি দেখতে চাই। সবাই একমত যে, স্থবির হয়ে থাকা প্রক্রিয়াটি আবার চালু করতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
ফিলিপাইনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আসিয়ান সদস্য রাষ্ট্রগুলো মানবাধিকার ও আইনের শাসনের মতো মৌলিক নীতিগুলো কখনোই পরিত্যাগ করবে না।
তার ভাষায়, মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজনে বিষয়ে আসিয়ান নেতাদের মধ্যে নীরব ঐকমত্য রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, যেহেতু মিয়ানমার আসিয়ানের সদস্য রাষ্ট্র, তাই দেশটির সরকারকে আলাদাভাবে স্বীকৃতি দেওয়ার কোনো প্রয়োজন নেই।
সূত্র: জিএমএ নিউজ


