মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক ব্যবসায়ীর মেয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি ডিপার্টমেন্ট) ওয়েবসাইটে গত শুক্রবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মিয়ানমারের নাগরিক থেইন্ট উইন থেটকে স্পেশালি ডেজিগনেটেড ন্যাশনালস অ্যান্ড ব্লকড পারসনস (এসডিএন) তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকা থেকে নিজের নাম প্রত্যাহারের দাবিতে তিনি মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন। তার মামলা খারিজ হওয়ার কয়েক মাস পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তটি এমন এক সময়ে এল, যখন মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যোগাযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গত সপ্তাহে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প প্রশাসন মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতিষ্ঠিত সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর নির্বাচিত নেতাদের উৎখাতকারী জেনারেলদের আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন রাখার যে নীতি যুক্তরাষ্ট্র অনুসরণ করে আসছিল, এই উদ্যোগকে সেই অবস্থান থেকে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
‘নীতিগত লক্ষ্য অর্জনে তালিকাভুক্তি আর কার্যকর নয়’
থেইন্ট উইন থেটকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, এই সিদ্ধান্ত প্রশাসনের এমন মূল্যায়নের প্রতিফলন যে, মিয়ানমারসংক্রান্ত যুক্তরাষ্ট্রের নীতিগত লক্ষ্য অর্জনে তার তালিকাভুক্তি আর কার্যকর ভূমিকা রাখছে না।
মুখপাত্র বলেন, মিয়ানমারের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে প্রশাসন বিভিন্ন উপায় ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে অনলাইন প্রতারণাকেন্দ্র বা ‘স্ক্যাম সেন্টার’ দমন, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য মিয়ানমারের ব্যবসায়িক পরিবেশ উন্নত করা এবং দেশটির চলমান সহিংসতা ও মানবিক সংকট মোকাবিলায় শান্তিপ্রক্রিয়াকে উৎসাহিত করা।
মার্কিন কর্মকর্তাটি মিয়ানমারের পূর্বনাম ‘বার্মা’ ব্যবহার করেন।
জান্তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের পর মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। জান্তাকে সহায়তার অভিযোগে বেশ কয়েকটি কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।
অভ্যুত্থানের পর মিয়ানমারে ব্যাপক সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ে। এতে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাবে বিপুলসংখ্যক মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
২০২৪ সালের জানুয়ারিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় শ্বে বায়াইন ফিউ গ্রুপ অব কোম্পানিজ, এর প্রতিষ্ঠাতা থেইন উইন জাও এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
ওই সময় মার্কিন ট্রেজারি জানায়, প্রতিষ্ঠানটি মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষে জ্বালানি তেল আমদানি ও বিতরণে জড়িত ছিল। পরিবারটির মালিকানাধীন বা নিয়ন্ত্রিত অন্তত ২০টি কোম্পানির জান্তা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও মন্ত্রণালয়টি উল্লেখ করেছিল।
থেইন্ট উইন থেট ওই ব্যবসায়ী থেইন উইন জাওয়ের মেয়ে।
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে মামলা
এসডিএন তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার দাবিতে থেইন্ট উইন থেট বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মার্কিন একটি আদালত তাঁর মামলা খারিজ করে দেন।
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ সাধারণত অবরুদ্ধ থাকে এবং মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলো তাঁদের সঙ্গে অধিকাংশ ধরনের লেনদেন করতে পারে না।
২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র মিয়ানমারের আরও কয়েকজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। সামরিক বাহিনীকে সহযোগিতার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
এরপর চলতি বছরের জুলাইয়ে থেইন্ট উইন থেট নতুন করে আদালতে অভিযোগ দায়ের করেন। এতে তিনি দাবি করেন, তার বাবার ব্যবসায় তার কোনো সক্রিয় ভূমিকা ছিল না।
নিষেধাজ্ঞার কারণে তাঁর যুক্তরাষ্ট্রে পড়াশোনাও ব্যাহত হয়েছে বলে আদালতে জানান তিনি। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন।
আদালতে দাখিল করা অভিযোগে তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে তার মার্কিন ক্রেডিট কার্ড বন্ধ হয়ে যায় এবং বিদেশি ব্যাংক হিসাব সীমিত বা বন্ধ করা হয়। এমনকি নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়েন তিনি।
তিনি আরও জানান, বর্তমানে তিনি তার মায়ের সঙ্গে ব্যাংককে বসবাস করছেন। তার মাকেও আগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল; গত বছর তাকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়।
মানবাধিকার সংগঠনের সমালোচনা
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছে মিয়ানমারভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস ফর মিয়ানমার।
সংগঠনটি বলেছে, মিয়ানমারের সামরিক বাহিনী যখন বেসামরিক জনগণের ওপর হামলা বাড়াচ্ছে, তখন জান্তার সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উদ্বেগজনক।
সংগঠনটির অভিযোগ, সামরিক বাহিনীর দমন-পীড়নে অর্থ জোগানো ব্যবসায়ী ও তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের মার্কিন নিষেধাজ্ঞার তালিকা থেকে ধারাবাহিকভাবে বাদ দেওয়া হচ্ছে।
থেইন্ট উইন থেটের আইনজীবী এরিক ফেরারি ওয়াশিংটনভিত্তিক নিষেধাজ্ঞা-বিষয়ক আইনজীবী। তার মক্কেলের নাম এসডিএন তালিকা থেকে বাদ পড়ার পর গত শুক্রবার তিনি ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন জেলা আদালতে একটি নোটিশ দাখিল করেন।
নোটিশে মামলাটি স্বেচ্ছায় প্রত্যাহারের কথা জানানো হয়েছে।
এ বিষয়ে ফেরারির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


