মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে রোহিঙ্গাদের অস্তিত্বের প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যে একটি গ্রামের পশ্চিমাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে আরাকান আর্মি (এএ)।

স্থানীয় রোহিঙ্গাদের অভিযোগ, সেখানে রাখাইন জনগোষ্ঠীর নতুন বসতি স্থাপনের লক্ষ্যেই এ কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয় রোহিঙ্গাদের ভাষ্যমতে, গত ২৪ নভেম্বর মংডু টাউনশিপের মংনিফারা গ্রামের পশ্চিমাংশে বুলডোজার দিয়ে বসতবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়।

এদিকে রাখাইন রাজ্যের কিয়াউকতাও টাউনশিপের পেইক থাই গ্রাম থেকে গতকাল ছয়জনকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি। তাদের বিরুদ্ধে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, গত অক্টোবর থেকে আরাকান আর্মি বিভিন্ন এলাকা থেকে লোকজনকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত কাউকে মুক্তি দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের অবস্থান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।