মালয়েশিয়া থেকে ৬ হাজার ৮০০ জনের বেশি রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ডিসেম্বর মাসে দুই ধাপে এসব অভিবাসীকে মিয়ানমারে পাঠানো হবে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম জানান, আগামী ৬ ও ৭ ডিসেম্বর নৌবাহিনীর তিনটি জাহাজে করে ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানো হবে। এছাড়া ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে উড়োজাহাজে করে দেশে ফেরানো হবে। এসব বিমানযাত্রার ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।

এ ঘোষণার পাঁচ দিন আগে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলায় রায় দেন। আদালত মিয়ানমার কর্তৃপক্ষকে দেশ ও দেশের বাইরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেন।

দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে মালয়েশিয়া। তবে বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থীর চাপ সামলাতে গিয়ে দেশটি আর্থিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া অনেক মানুষই মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার। তবে তাদের দীর্ঘদিন আশ্রয় দেওয়ার আর্থিক সক্ষমতা মালয়েশিয়ার নেই। তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের প্রত্যাশাও কার্যকর হয়নি।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০। তাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের প্রায় ১ লাখ ৯০ হাজার জন ও আশ্রয়প্রার্থীর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা। এই জনগোষ্ঠীকে বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে, গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া। তবে ওই প্রত্যাবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে।

গত মাসে মালয়েশিয়া জানায়, সম্প্রতি ফেরত পাঠানো কয়েক শ অভিবাসীকে মিয়ানমারের সামরিক বাহিনীর হেফাজতে রাখার খবরের বিষয়ে দেশটির সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

এছাড়া গত মাসে মিয়ানমারের সাবেক সামরিক জান্তাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথ্য দেয় মালয়েশিয়া। এ নিয়ে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করে বলে, এ ধরনের উদ্যোগ মিয়ানমার সরকারকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে এবং ফেরত পাঠানো রোহিঙ্গাদের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে তার আলোচনা মালয়েশিয়ার স্বার্থ সুরক্ষার প্রচেষ্টার অংশ। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনার আলোকে নির্যাতনের শিকার ব্যক্তিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাও এর উদ্দেশ্য।

তবে ঘোষিত প্রত্যাবাসন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ফেরত পাঠানো ব্যক্তিদের নিরাপত্তা, স্বেচ্ছাসম্মতি এবং মানবাধিকার সুরক্ষা কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।