ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা গাজায় ফিলিস্তিনিদের দুর্দশার কথা ভুলে না যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএতে অনুদান ও সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাতে ইউএনআরডব্লিউএর স্পেন শাখা প্রকাশিত এক ভিডিও বার্তায় গার্দিওলা বলেন, ‘যুদ্ধে নিহত ফিলিস্তিনিরা কেবল কোনো পরিসংখ্যান নন। তাদের পরিবার, স্বপ্ন, আকাঙ্ক্ষা ও স্মৃতি রয়েছে।’

তিনি বলেন, ‘তারা যুদ্ধের পার্শ্বক্ষতিকারক নয়। তারা শিশু-মেয়ে ও ছেলে।’ মানুষের দুর্ভোগ আড়াল করতে ব্যবহৃত ভাষা মানবিকতাকে ক্ষয় করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

গাজায় শিশুদের দুর্দশার কথা তুলে ধরে গার্দিওলা বলেন, অনেক শিশু ধ্বংসস্তূপের নিচে নিজেদের মা-বাবাকে খুঁজছে, ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে এবং পরিবারের সুরক্ষা ছাড়াই বেঁচে থাকার কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে।

তিনি বলেন, ‘বড় হয়ে ওঠার সুযোগ পাওয়ার আগেই আমরা তাদের সবকিছু হারাতে দেখি।’

ফিলিস্তিনিদের জীবন অন্য দেশের মানুষের জীবনের চেয়ে কোনো অংশে কম মূল্যবান নয় উল্লেখ করে গার্দিওলা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত রাখা জরুরি।

তার ভাষায়, ‘তাদের জীবনও আমাদের জীবনের মতোই মূল্যবান। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে বিরতি দেওয়া যায় না। আমাদের দায়িত্বও থেমে থাকতে পারে না।’

ফিলিস্তিনি শরণার্থীদের দীর্ঘ কয়েক দশকের বাস্তুচ্যুতি ও সহিংসতার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন গার্দিওলা। ফিলিস্তিনি জনগণের সহনশীলতার প্রশংসা করলেও শিশুদের এমন পরিস্থিতির মধ্য দিয়ে বেড়ে ওঠার প্রয়োজন হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

গার্দিওলা বলেন, ‘ফিলিস্তিনি জনগণের সহনশীলতাকে আমরা গভীরভাবে শ্রদ্ধা করি। কিন্তু তাদের এমন সহনশীলতার পরিচয় দিতে বাধ্য হওয়া উচিত নয়। কোনো শিশুর জীবন শেখার আগে বেঁচে থাকার কৌশল শেখা উচিত নয়।’

গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগের বিষয়ে নীরব না থাকার আহ্বান জানিয়ে তিনি ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘আজ নীরব থাকা মানে এক পক্ষের অবস্থান নেওয়া। কিন্তু আমরা অন্যদিকে তাকিয়ে থাকতে পারি না। ফিলিস্তিন গুরুত্বপূর্ণ, আর ফিলিস্তিনের ন্যায়বিচার ও শান্তি প্রয়োজন।’

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর ইসরায়েলের সামরিক অভিযান শুরু হলে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাবে, ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ১ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ইউএনআরডব্লিউএ গাজা, অধিকৃত পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের স্বাস্থ্যসেবা, সুরক্ষা এবং মানবিক সহায়তা দিয়ে থাকে।

ইসরায়েল সংস্থাটিকে নিজেদের ভূখণ্ডে কার্যক্রম পরিচালনা করতে নিষেধ করেছে। সংস্থাটির কয়েকজন কর্মীর সঙ্গে হামাসের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ইসরায়েল। তবে ইউএনআরডব্লিউএ এসব অভিযোগ অস্বীকার করেছে।

গার্দিওলার এই ভিডিও বার্তায় মানবিক সংকট অব্যাহত থাকা অবস্থায় ইউএনআরডব্লিউএতে অনুদান দেওয়া এবং ফিলিস্তিনিদের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।

ম্যানচেস্টার সিটির হয়ে এক দশক দায়িত্ব পালনের পর গত মৌসুমের শেষে ক্লাব ছাড়েন স্প্যানিশ এই কোচ। তার অধীনে ক্লাবটি ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৭টি বড় শিরোপা জিতেছে।