নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। রোববার (৩০ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট ও নেপাল নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ৭৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৫৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে চিতাওয়ান থেকে।

এছাড়া পূর্ব নাওয়ালপারাসিতে ১৮৪টি, পশ্চিম নাওয়ালপারাসিতে ৮২টি, গোর্খায় ৫৮টি, নুয়াকোটে ৫২টি, ধাধিংয়ে ৫০টি, তানাহুনে ৩৬টি এবং রাসুয়া থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বন্যায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে ২৪২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অথবা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

নেপাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মোট ১৯ হাজার ৮৯৫ জন নিরাপত্তাকর্মী অংশ নিচ্ছেন।

উদ্ধার অভিযানে নেপালি সেনাবাহিনী ২ হাজার ৯৭৪ জন, নেপাল পুলিশ ২ হাজার ৬৯৯ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনী ২ হাজার ৫১৩ জনকে উদ্ধার করেছে। এ ছাড়া হেলিকপ্টার অভিযানের মাধ্যমে জলবিদ্যুৎ টানেল থেকে ২৭৯ জন শ্রমিক এবং ২২৭ জন বিদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমও জোরদার করা হয়েছে। ৩৭টি ট্রাক ও সাতটি হেলিকপ্টারের মাধ্যমে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষায়িত সার্জিক্যাল মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকারগুলোর মাধ্যমে নগদ সহায়তা বিতরণও শুরু হয়েছে।

তবে ভয়াবহ এই দুর্যোগে এখনো প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নিখোঁজদের তালিকায় সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকায় মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।