মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বিশ্বজুড়ে গণহত্যার আইনগত সংজ্ঞা ও বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ মামলার রায় দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ হতে পারে।
২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পালিয়ে আসা রোহিঙ্গা নারী ও শিশুদের সাক্ষাৎকার নিয়েছিলেন আইনজীবী আন্তোনিয়া মুলভি। নির্যাতনের শিকার এসব মানুষের কাছে তিনি জানতে পেরেছিলেন, তারা ন্যায়বিচার চান।
জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রথম তিন তদন্তকারীর একজন ছিলেন মুলভি। বর্তমানে তিনি লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের (এলএডব্লিউ) নির্বাহী পরিচালক। সংস্থাটি আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটির সঙ্গে সংশ্লিষ্ট রোহিঙ্গা সাক্ষীদের প্রতিনিধিত্ব করছে।
২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আইসিজেতে মামলা করে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন ও জোরপূর্বক বাস্তুচ্যুত করার অভিযোগ এ মামলার কেন্দ্রে রয়েছে।
মুলভির মতে, আদালত মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করলে তা হবে রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।
রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের নিপীড়ন
মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েক প্রজন্ম ধরে বসবাস করে আসছেন রোহিঙ্গারা। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের কারণে তাদের অধিকাংশই রাষ্ট্রহীন হয়ে পড়েন। মিয়ানমার সরকার ও দেশটির আইনজীবীরা তাদের প্রায়ই ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করেন, যা তাদের বাংলাদেশ থেকে আসা অভিবাসী হিসেবে উপস্থাপন করে।
দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের চলাচল, বিয়ে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নানা বিধিনিষেধের অভিযোগ রয়েছে। ১৯৭৮, ১৯৯১ ও ১৯৯২ সালের সহিংসতায় কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। ২০১২ সালে রাখাইনে সংঘর্ষের পর প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হন, যাদের অধিকাংশই রোহিঙ্গা।
২০১৭ সালের ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইনে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে। পরবর্তী কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন।
২০১৮ সালে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশন জানায়, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিপ্রায় ছিল বলে অনুমান করার মতো যথেষ্ট তথ্য রয়েছে। মিশনটি মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের তদন্ত ও বিচারের সুপারিশ করে।
ধর্ষণ ও যৌন সহিংসতার অভিযোগ
আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার মামলায় ধর্ষণ ও যৌন সহিংসতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। মামলার আইনজীবী মুলভির অভিযোগ, মিয়ানমারের সেনারা প্রজননক্ষম বয়সী নারী ও কিশোরীদের লক্ষ্য করে সংঘবদ্ধ ধর্ষণ চালিয়েছিল। তাঁর মতে, এসব সহিংসতা রোহিঙ্গা সম্প্রদায়ের সামাজিক কাঠামো ধ্বংসের উদ্দেশ্যের ইঙ্গিত দেয়।
শুনানির সময় আদালত রোহিঙ্গা সম্প্রদায়ের তিনজন সাক্ষীর বক্তব্য রুদ্ধদ্বার কক্ষে শোনেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী ছিলেন। তারা পরিবারের সদস্যদের হত্যা, যৌন সহিংসতা এবং রাখাইন থেকে পালিয়ে আসার অভিজ্ঞতা তুলে ধরেন।
মুলভি বলেন, সাক্ষ্য গ্রহণের সময় আদালতকক্ষে নীরবতা ও কান্নার পরিবেশ তৈরি হয়েছিল। তার ভাষায়, সাক্ষ্যগুলো ছিল অত্যন্ত আবেগঘন ও তাৎপর্যপূর্ণ।
গাম্বিয়ার আইনজীবীরা যুক্তি দিয়েছেন, রোহিঙ্গাদের হত্যা, নারী ও শিশুদের ওপর সহিংসতা এবং তাঁদের বসতবাড়ি ধ্বংসের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। এসব কর্মকাণ্ডের ধরন ও ব্যাপকতা গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ হতে পারে বলে তাঁদের দাবি।
গণহত্যার আইনি সংজ্ঞা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন
১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে নির্দিষ্ট ধরনের অপরাধ সংঘটিত হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হতে পারে।
২০০৭ সালে বসনিয়া বনাম সার্বিয়া মামলার রায়ে আইসিজে বলেছিল, গণহত্যার অভিপ্রায় প্রমাণের ক্ষেত্রে গোষ্ঠীটির একটি উল্লেখযোগ্য অংশকে শারীরিক বা জৈবিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য থাকতে হবে। ২০১৫ সালে ক্রোয়েশিয়া বনাম সার্বিয়া মামলায় আদালত গণহত্যার অভিপ্রায় অনুমানের ক্ষেত্রে কঠোর মানদণ্ড নির্ধারণ করে।
গাম্বিয়ার আইনজীবী ফিলিপ স্যান্ডস আদালতে যুক্তি দেন, ২০১৭ সালের অভিযানের আগে উত্তর রাখাইনের তিনটি এলাকায় প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। তাদের মধ্যে প্রায় সাত লাখ বাংলাদেশে পালিয়ে আসেন। তার মতে, বিপুলসংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করা এবং তাদের বাড়িঘর ধ্বংসের ঘটনাও গণহত্যার অভিযোগ মূল্যায়নে বিবেচনা করা উচিত।
স্যান্ডস বলেন, গণহত্যা নির্ধারণের জন্য নিহত মানুষের কোনো নির্দিষ্ট সংখ্যা পূরণ করা আবশ্যক নয়। তাঁর দাবি, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা, যৌন নির্যাতন, শিশুদের ওপর হামলা এবং প্রমাণ ধ্বংসের অভিযোগ একসঙ্গে বিশ্লেষণ করতে হবে।
অন্যদিকে মিয়ানমার দাবি করেছে, আরসার হামলার জবাবে অভিযান চালানো হয়েছিল। দেশটির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, সামরিক অভিযান ছিল নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার অংশ।
গাম্বিয়ার আইনজীবীরা পাল্টা যুক্তি দিয়েছেন, কোনো অভিযান সন্ত্রাসবিরোধী হিসেবে বর্ণনা করা হলেই তাতে গণহত্যার অভিপ্রায় থাকার সম্ভাবনা বাতিল হয়ে যায় না। তাঁদের মতে, সেনাদের কর্মকাণ্ডের ধরন, বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা এবং পালিয়ে যাওয়ার সময়ও তাঁদের ওপর হামলার অভিযোগ বিবেচনা করা প্রয়োজন।
ইসরায়েলের বিরুদ্ধে মামলাতেও প্রভাব পড়তে পারে
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও ট্রিনিটি কলেজ ডাবলিনের অধ্যাপক মাইকেল বেকারের মতে, গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায় গণহত্যার অভিপ্রায় কীভাবে প্রমাণ করতে হবে, সে বিষয়ে আন্তর্জাতিক আইনকে আরও স্পষ্ট করতে পারে।
তিনি বলেন, এই রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে মামলায়। গাজায় হামাসের সঙ্গে সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েল অভিযোগ অস্বীকার করেছে।
বেকারের মতে, মিয়ানমারের মামলায় আদালত যদি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণের মূল্যায়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়, তবে ভবিষ্যতের গণহত্যা মামলাগুলোতেও তার প্রভাব পড়তে পারে।
২০২৩ সালের নভেম্বরে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য গাম্বিয়ার মামলায় গণহত্যা সনদের ব্যাখ্যা নিয়ে যৌথ বক্তব্য জমা দেয়। তারা সতর্ক করে বলে, গণহত্যার অভিপ্রায় প্রমাণের মানদণ্ড এত কঠোর হওয়া উচিত নয় যে তা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
রোহিঙ্গাদের চাওয়া নাগরিকত্ব ও নিরাপদ প্রত্যাবাসন
রোহিঙ্গাদের কাছে ন্যায়বিচারের অর্থ শুধু অপরাধীদের শাস্তি বা ক্ষতিপূরণ নয়। তারা নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের পরিচয়ের স্বীকৃতিও চান।
এলএডব্লিউর কক্সবাজারের আশ্রয়শিবিরে প্রায় ৫০০ মানুষের ওপর চালানো এক জরিপে অংশগ্রহণকারীদের ৮৬ শতাংশ বলেছেন, নাগরিকত্ব এবং রোহিঙ্গা পরিচয়ে পরিচিত হওয়ার অধিকার ন্যায়বিচারের জন্য প্রয়োজনীয়।
রোহিঙ্গাদের দাবি, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাতিল বা সংশোধনের মাধ্যমে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে নিজেদের বসতভিটায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন, সম্পত্তি পুনরুদ্ধার এবং সমান অধিকার নিশ্চিত করতে হবে।
গাম্বিয়া আদালতের কাছে দায়ীদের বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন ও পূর্ণ নাগরিকত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে।
রায় কার্যকর করা নিয়ে অনিশ্চয়তা
আন্তর্জাতিক বিচার আদালতের রায় সংশ্লিষ্ট রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব রায় কার্যকর করার সরাসরি ব্যবস্থা নেই। কোনো রাষ্ট্র রায় মানতে অস্বীকৃতি জানালে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেতে পারে। সেখানে চীন ও রাশিয়ার ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারে সামরিক শাসন অব্যাহত থাকলে রায় বাস্তবায়ন কঠিন হতে পারে। তবে এমন রায় দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
রোহিঙ্গা প্রতিনিধি দলের সদস্য সালমা বলেছেন, তারা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত হাল ছাড়বেন না।
রোহিঙ্গা গণহত্যা মামলার চূড়ান্ত রায় শুধু ২০১৭ সালের সহিংসতার দায় নির্ধারণ করবে না। গণহত্যার অভিপ্রায় প্রমাণ, যৌন সহিংসতার আইনি মূল্যায়ন এবং আন্তর্জাতিক বিচার আদালতের ভূমিকা সম্পর্কেও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।
সূত্র: মিডিল ইস্ট আই


