ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চেন্নাইতে কংগ্রেসের নেতৃত্বাধীন বিক্ষোভে অংশ নিয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)। বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’তে ৩ অক্টোবর যোগ দেওয়ার পর সিইসিবিরোধী কোনো কর্মসূচিতে দক্ষিণ ভারতীয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের দলের এটিই প্রথম অংশগ্রহণ।

ভোটার তালিকায় নানা অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে এ ‘গণতন্ত্র রক্ষা’ বিক্ষোভের আয়োজন করা হয়। কংগ্রেসের সংসদ সদস্য বি মানিকাম ঠাকুর ও তামিলনাড়ু কংগ্রেস কমিটির (টিএনসিসি) যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ভোটার তালিকায় কারসাজির অভিযোগে রাজধানী নয়াদিল্লির পাশাপাশি চেন্নাইয়ের এই কর্মসূচিতে ‘ইন্ডিয়া’ জোটের শরিক সাতটি দলের নেতারা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

এর আগে ১০ অক্টোবর চেন্নাইয়ের শহরতলি নীলাঙ্করাইয়ে বিজয়ের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৈঠকে দুই নেতা বেশ কিছু রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন। সম্প্রতি ধারাপুরাম ও মাদুরান্তাকাম উপনির্বাচনে টিভিকের বিজয়ের জন্য বিজয়কে অভিনন্দন জানান রাহুল। তামিলনাড়ুতে ‘সেক্যুলার সোশ্যাল জাস্টিস ভিক্টরি অ্যালায়েন্স’ গঠনের পর এটিই ছিল তাদের প্রথম বৈঠক।

সংবাদমাধ্যম ‘সাউথ ফার্স্ট’ জানিয়েছে, বৈঠকে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ভবিষ্যতে বিভিন্ন আলোচনা, প্রচার ও বিক্ষোভে অংশ নিতে বিজয় এবং তার দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল। সেই বৈঠকের মাত্র কয়েক দিন পরই টিভিকে কংগ্রেসের ডাকা এই কর্মসূচিতে মাঠে নামল।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্র সরকারের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে কোটি কোটি ভোটারকে সুপরিকল্পিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যার বড় শিকার মুসলিম, ক্ষুদ্র-জাতিসত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। শুধু তামিলনাড়ু থেকেই ৯৭ লাখের বেশি ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

সমাবেশে উপস্থিত নেতারা অভিযোগ তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের এই প্রক্রিয়া সংবিধানের মূল চেতনাকে ক্ষুণ্ন করছে। পুরো বিষয়টিকে ‘গণতান্ত্রিক হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেন যে, ক্ষমতাসীন বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতেই নির্বাচনী প্রক্রিয়ায় এই কারসাজি চালানো হচ্ছে।