মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর কক্সবাজারে আসার সাত বছর পেরিয়ে গেছে আজ (রবিবার)। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। আগে থেকে আশ্রয় নেওয়া সাড়ে তিন লাখসহ বর্তমানে ১২ লক্ষাধিক রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের ৩৩টি আশ্রয় ক্যাম্পে বসবাস করছে। কবে তারা স্বদেশে ফিরবে তা এখনও অনিশ্চিত। তবে দীর্ঘ সাত বছরেও তাদের প্রত্যাবাসন আলোর মুখ না দেখলেও মিয়ানমারে আরও একটি গণহত্যার শিকার হচ্ছে রোহিঙ্গারা।
এই দিনটিকে স্মরণে রোহিঙ্গা নেতারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে, বিক্ষোভসহ নানা কর্মসূচির আয়োজন করেছেন। এসব কর্মসূচিতে নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানাবেন রোহিঙ্গারা।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাস দমনের নামে ২০১৭ সালে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন চালালে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আসতে থাকে রোহিঙ্গারা। ওই বছরের ২৫ আগস্টের পর দু-তিন মাসের মধ্যেই উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় সাড়ে সাত লাখের মতো রোহিঙ্গা। পরবর্তী সময়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তাদের খাদ্য সহায়তা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ তাদের দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
প্রত্যাবাসনের লক্ষ্যে ২০১৭ সালেই বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করে। পরবর্তী সময়ে কয়েক দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যায়নি। রোহিঙ্গাদের দাবি, তাদের নাগরিকত্ব, জাতিগত পরিচয়, জায়গা-জমি ও গণহত্যার বিচারের নিশ্চিত করতে হবে। তাছাড়া তারা মিয়ানমারে গিয়ে আবারও সেনাবাহিনীর নির্যাতনের মুখে পড়বে।
মানবিকতা বিবেচনায় ২০১৭ সাল এবং তৎপূর্ববর্তী সময়ে রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করলেও ক্রমশ বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে স্থানীয় নিরাপত্তাও হুমকিতে বলে মানছেন বিশেষজ্ঞরা। এজন্য বাংলাদেশ বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে রোহিঙ্গা প্রত্যাবাসনের জোর চেষ্টা চালাচ্ছে।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)-এর সভাপতি মোহাম্মদ জুবাইর বাংলাদেশি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোট এই বাংলাদেশে রোহিঙ্গারা দিন দিন বোঝা হয়ে যাচ্ছে। তাই, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ, যেকোনও উপায়ে মিয়ানমারকে চাপ সৃষ্টির মাধ্যমে বিপুলসংখ্যক এই রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো হোক।’
বাংলা ট্রিবিউনে আরও বলা হয়, রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর বিষয়টি এখনও প্রক্রিয়াধীন উল্লেখ করে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামসুদ্দৌজা নয়ন বলেন, ‘আজ রোহিঙ্গা আগমনের সাত বছর পেরিয়ে আট বছরে পদার্পণ করবে। আজ ক্যাম্পে রোহিঙ্গাদের তাদের মতো করে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রোহিঙ্গা শিশুদের চিত্রাঙ্কন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানমালা রয়েছে।’
তিনি বলেন, ‘রাখাইনে এখন যুদ্ধ চলছে। সেখানকার পরিস্থিতি খুব খারাপ। ওখানকার যুদ্ধের গোলাবারুদের শব্দে এপারের মানুষ পর্যন্ত ভয়ে তটস্থ। কবে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে সে তথ্য আমার কাছে নেই। অবশ্য, নতুন করে যাতে আর কোনও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সীমান্তে বিজিবি শক্ত অবস্থানে আছে।’
এদিকে জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত মিয়ানমার। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিপীড়নের চরম ঝুঁকিতে রোহিঙ্গারা। আরাকান আর্মি এখন রাখাইনের বেশির ভাগ জনপদ নিয়ন্ত্রণ করে। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে আবারও রোহিঙ্গাদের ওপর গণহত্যা চলছে। রিপোর্টগুলোতে বলা হয়, বর্তমান সময়ে রাখাইনে আরাকান আর্মির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে রোহিঙ্গারা। উভয়পক্ষই রোহিঙ্গাদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অপহরণ, জোর করে বাহিনীতে নিয়োগ, শহর ও গ্রামে নির্বিচারে বোমা হামলা এবং অগ্নিসংযোগের মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে।
সম্প্রতি ২০১৭ সালের মতো আবারও গণহত্যার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, রাখাইনে যে মানবিক বিপর্যয় ঘটছে তার জন্য সেনাবাহিনী ও আরাকান আর্মি উভয়েই সরাসরি দায়ী।
তিনি আরও বলেছেন, উভয়পক্ষকে অবিলম্বে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করতে হবে। সংঘাত থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের রক্ষা করতে হবে। তাদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা পাওয়ার অবাধ সুযোগ নিশ্চিত করতে হবে।
মিয়ানমারে অবস্থিত রোহিঙ্গাদের রক্ষা করাই যখন প্রধান দায়িত্ব হয়ে পড়েছে, তখন বাংলাদেশসহ অন্যান্য দেশের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন আদৌ সম্ভব কি না, সে প্রশ্ন সতেচন মহলে।
এদিকে, দীর্ঘ সাত বছর ধরে চলমান রোহিঙ্গা সংকটে বাংলাদেশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। দীর্ঘ মেয়াদি এই সংকট নানা দিক দিয়ে বাংলাদেশের ওপর চাপ বাড়িয়ে চলছে। প্রত্যাবাসন বিলম্ব হওয়ায় দিন দিন রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। প্রতিনিয়ত রোহিঙ্গারা আধিপত্য বিস্তার নিয়ে হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্র ও মাদক কারবারে জড়িয়ে পড়ছে। বিশ্বজুড়ে চলমান অস্থিতিশীল ও সংঘাতময় পরিস্থিতিতে এই সমস্যা যেনো গুরুত্ব না হারায় সেদিকে সংশ্লিষ্ট সবপক্ষকে সজাগ থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
-পার্বত্য সময়

