কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সংগঠন আরসিপিআর (RCPR)-এর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে আয়োজিত এ কর্মসূচিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনের জোর দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনের চেয়ারম্যান দিল মোহাম্মদসহ অন্যান্য নেতারা বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের স্থায়ী আবাস নয়; তাদের প্রকৃত ঠিকানা মিয়ানমার। আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশ সরকারের সমন্বিত উদ্যোগে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে যুবসমাজকে অপরাধমুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মারামারি, খুন, অপহরণ, মাদক ও জুয়ার মতো কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

সমাবেশে বিভিন্ন রোহিঙ্গা যুব ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।