ভারতের দিল্লিতে প্রবেশে বাধার মুখে পড়ে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন। আজ সোমবার (১৫ জুন) সকালে তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন বলে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে। ফ্লাইটটি দুপুরের আগে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, দিল্লির বিমানবন্দরে তার প্রবেশে বাধা দেওয়ার ঘটনাটি নিয়ে ঢাকায় বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনার পূর্ণ বিবরণ জানার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ হাইকমিশন আগাম কূটনৈতিক নোটের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করলেও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে অবস্থান না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
এরপর তিনি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা দেন এবং সোমবার ভোরে সেখানে পৌঁছান। পরে সকাল আটটার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
জাহেদ উর রহমানের সোমবার থেকে দিল্লিতে শুরু হওয়া ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থার (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। এ বিষয়ে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।
কূটনৈতিক সূত্রের দাবি, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে এবং প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এই অনিশ্চয়তার মধ্যেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
ঘটনাটি নিয়ে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।


