ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোবাইল নেটওয়ার্কবিহীন পার্বত্য তিন জেলার ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহে আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিক নেটওয়ার্ক বা ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, দ্রুত বেসরকারি প্রাথমিক ফল প্রস্তুত ও ঘোষণার লক্ষ্যে দুর্গম ও হেলিসর্টি ভোটকেন্দ্রগুলোর কেন্দ্রভিত্তিক ভোটগণনার বিবরণী বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে সংগ্রহ করা হবে।
ইসির তথ্য অনুযায়ী, এ পদ্ধতিতে রাঙামাটির ২০টি, বান্দরবানের ৪৬টি ও খাগড়াছড়ির ৪২টি- মোট ১০৮টি ভোটকেন্দ্রের ফল সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবার সারা দেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি এবং ভোটকক্ষ ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করবেন প্রায় ৭ লাখ ৮৫ হাজার কর্মকর্তা।


