পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানে শিক্ষাবান্ধব বর্তমান সরকার মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করে আসছে। দেশ গঠনে আগামী দিনে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষাঙ্গনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষক স্বল্পতা বর্তমানে একটি জাতীয় সমস্যা। তবে বান্দরবানের শিক্ষা খাতের সংকট নিরসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এসএসসি ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের দায়িত্ব পালনের সময়ের স্মৃতিচারণ করে সাচিং প্রু বলেন, অতীতে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জুনিয়র হাইস্কুল স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এসব শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে হবে না। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।
এ সময় তরুণ প্রজন্মকে এলাকার পানীয় জলের সংকট সমাধান এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সহসভাপতি উইন মং জলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা পরিষদের সদস্য লুসাই মং এবং এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন ছাত্র মোজাম্মেল হক লিটন।


