দেশে প্রথমবারের মতো দুটি মুক্ত বাণিজ্য অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৭ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এ তথ্য জানান।
নাসিমুল গনি জানান, দুটি মুক্ত বাণিজ্য অঞ্চলের মধ্যে একটি হবে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বন্দরের কাছে। অপরটি হবে চট্টগ্রাম বন্দরের কাছে। ৬০০ একর জমির ওপর এসব ‘ফ্রি ট্রেড জোন’ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, এসব মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি হলে দেশি-বিদেশি কোম্পানিগুলো এখানে কাজ করবে। এতে অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বাড়বে, দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। যেকোনো বিনিয়োগকারী মুক্ত বাণিজ্য অঞ্চলে এসে তাদের পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবে। এক্ষেত্রে কোনো ট্যাক্স আরোপ হবে না।
হরমুজ প্রণালি বন্ধ থাকায় এলএনজি আমদানি করা যাচ্ছে না উল্লেখ করে ড. নাসিমুল গনি বলেন, এ কারণে জটিল প্রক্রিয়ায় বিভিন্ন স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে। সভায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে রাশিয়া থেকে ত্রিশ হাজার মেট্রিক টন এবং সৌদি আরব থেকে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, হাওর এলাকায় একটি উড়াল সড়ক তৈরির প্রস্তাব নাকচ করেছে কমিটি। সেখানে বিনিয়োগ করলে খরচ উঠে আসবে কিনা এবং কর্মসংস্থান কতটা হতে পারে, এসব বিষয়ে পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার খুব দ্রুত কাজ করছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রয়েছে। সরকারের পক্ষ থেকে প্রশাসনকে জনগণের জন্য কাজ করতে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।


