প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আমাদের ওপর আগ্রাসনের কোনো সম্ভাবনা দেখি না। তারপরও আমরা প্রস্তুত। আমাদের ওপর যদি কোনো রকম আক্রমণ আসে, আমরা ব্যবস্থা নেব।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তারিক আহমেদ সিদ্দিক বলেন, মিয়ানমার সীমান্তে পরিস্থিতি অনেক উদ্বেগজনক। ওখানে সিভিল প্রশাসন যেমন সম্পৃক্ত, তেমনি বিজিবিও সম্পৃক্ত। সেনাবাহিনী ততটা সম্পৃক্ত নয়। কারণ এখনও যুদ্ধ লাগেনি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা কোনো সময় আগ্রাসী ভূমিকা নেবো না। কিন্তু আমরা প্রস্তুত, আমাদের ওপর যদি কোনো রকম আক্রমণ আসে, আমরা ব্যবস্থা নেবো।
ডিসিরা হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাব দিয়েছেন জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক কারণে হেলিকপ্টার ব্যবহার কমিয়ে দিয়েছি। প্রয়োজনে আর্মির হেলিকপ্টার নিয়ম মেনে দায়িত্বপ্রাপ্তরা ব্যবহার করার বিধান আছে।
ক্রস বর্ডার কিলিং পরিকল্পিত কিছু না মন্তব্য করে তারিক আহমেদ বলেন, 'এটা দুপক্ষেরই দোষ থাকে। আমাদেরও দোষ বর্ডারের ওই পাড়েও দোষ। কিলিং বলতে যেটা বোঝায়, এটা কিলিং না—ইনসিডেন্ট বলতে পারেন। স্মাগলাররা অনেক সময় বিএসএফকেও আক্রমণ করে বসে, তখন তারা গুলি করে বাধ্য হয়ে। আমাদের তরফ থেকেও যেমন গুলি হয় মাঝে মাঝে।'
ক্রস বর্ডার ইনসিডেন্ট হবে মন্তব্য করে তিনি বলেন, 'স্মাগলিং যদি বন্ধ থাকে, স্মাগলিং বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী বর্ডার হাট চালু করেছেন। হাটের মাধ্যমেই আমাদের বেচাকেনা হবে। আমাদের যেমন কপি বিক্রি করছে পাঁচ টাকায়, কারওয়ান বাজারে কিনছি ৮০ টাকায়। এই জিনিসটা কিন্তু ওখানেও হয়। বর্ডার হাট হলে ওরাও উপকৃত হয়, আমরাও উপকৃত হই। ওটার ওপরই আমরা জোর দিচ্ছি।'

