সংকটকবলিত দেশগুলো থেকে আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইওএমের অপারেশনস বিষয়ক উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে আইওএমের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইওরি কাটো, বিশেষ উপদেষ্টা প্রিয়া মারওয়াহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শামা ওবায়েদ বলেন, বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধি, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক উপায়ে কর্মী নিয়োগ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সম্ভাব্য অভিবাসী কর্মীদের দক্ষতা উন্নয়ন এখন সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ ও আইওএমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।
তিনি বিশেষ করে স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং ও কৃষি খাতে গন্তব্য দেশগুলোর সঙ্গে মেধা অংশীদারিত্ব জোরদার এবং দক্ষ কর্মীদের বৈশ্বিক শ্রমবাজারে যুক্ত করতে আইওএমের সহযোগিতা কামনা করেন।
নিরাপদ, শৃঙ্খলিত ও নিয়মিত অভিবাসনের বৈশ্বিক চুক্তি (জিসিএম)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, জিসিএম ন্যাশনাল অ্যাকশন প্ল্যান এই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ও সমন্বিত কাঠামো হিসেবে ভূমিকা রাখবে।
অভিবাসী কর্মী, বিশেষ করে নারী শ্রমিকদের অধিকার ও কল্যাণ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সহায়তা সেবা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সংকটকবলিত দেশগুলো থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে আইওএমের সহযোগিতার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান।
বৈঠকে জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন, টেকসই পুনরেকত্রীকরণ, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আইওএমের মানবিক সহায়তার প্রশংসা করে তাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস টেকসই অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি নিরাপদ, শৃঙ্খলিত ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে উভয় পক্ষ নিরাপদ ও নিয়মিত অভিবাসন, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং বাংলাদেশের অভিবাসন ও মানবিক অগ্রাধিকার বাস্তবায়নে বাংলাদেশ-আইওএম সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


