রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করে যাচ্ছে।
একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
শামা ওবায়েদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও নেতৃত্বের প্রশংসা করেন এবং শান্তি ও নিরাপত্তা খাতে নারীর অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান।
এ সময় তিনি বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মানবিক সহায়তায় অর্থায়ন ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
সফরসূচি অনুযায়ী, ১৮ জুন প্রতিমন্ত্রী ইকোসকের বিভিন্ন উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি তিনি জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেন-এর নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।


