রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন এবং নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব স্থায়ী কমিটি দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে।
তিনি জানান, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক অবস্থা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবশেষে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনার পর দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়া হয়।
বৈঠক-পরবর্তী এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর বিশেষ অধিবেশনের প্রয়োজন হলে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ এবং এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
সাংবিধানিক বিধান অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা বেশি।


