পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, সামনে রোহিঙ্গা সংকটের সমাধানের পথ খুলবে। এ বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারকে সহায়তা করার আশ্বাস দিয়েছে চীন।
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্রুত সমাধান খুঁজে বের করতে চীন সহযোগিতা করবে বলে জানিয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে তিনটি পক্ষ আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনটা পক্ষের একটা হচ্ছে মিয়ানমার, আরেকটা এখন জায়গাটা যাদের অধীনে আছে আরাকান আর্মি এবং বাংলাদেশ। এছাড়াও রোহিঙ্গা যারা আমাদের দেশে আশ্রিত আছেন, তারাও একটা পক্ষ।’
ড. খলিলুর রহমান আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং আরাকান আর্মির প্রধান উভয়েই তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত প্রকাশ না করলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, সরকার যে ধরনের জনসমর্থন নিয়ে এসেছে, যে শক্তিতে এসেছে; আমি বিশ্বাস করি-আগামী দিনগুলোতে আমরা এই সমস্যার সমাধানের একটা পথ দেখতে পাবো। মনে রাখবেন, আগে দুবার কিন্তু বিএনপি সরকার রোহিঙ্গা সংকটের সমাধান করেছে; এটা সবাই জানে এবং আমরা যে সমাধান করব, এটাও সবাই জানে।’


