পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাতকালে ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল করতে তার ভূমিকারও প্রশংসা করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। এ সময় রাষ্ট্রদূত পর্যায়ের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ সংলাপসহ (দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠক) বিভিন্ন প্রাতিষ্ঠানিক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিগগির শুরু হওয়ার কথা রয়েছে।

সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফর করতে পারেন।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে তার দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করেন।