কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) গুলিতে আহত টেকনাফের জেলে মো. হোসেন আলী (৫০) মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৮মে) রাত এ তথ্য জানান টেকনাফ থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহদাত হোসেন সিরাজী।

পরিবারের সদস্যরা জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে আহত হোসেন আলীর মৃত্যু হয়। বিকেলে মরদেহ নিয়ে তাঁরা টেকনাফের পথে রওনা দিয়েছেন। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা মৃত আবদুল শুক্কুরের ছেলে।

২২ মে সন্ধ্যায় নাফ নদীর হোয়াইক্যং ইউনিয়নের খারিঙ্গা ঘোনায় মাছ ধরতে গেলে গুলিবিদ্ধ হন। এরপর তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহদাত হোসেন সিরাজী বলেন, রাতে মরদেহ টেকনাফ পৌঁছাবে। হত্যার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক মো. শাহদাত হোসেন বলেন, আরাকান আর্মির গুলিতে হোসেন আলী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হোসেন আলীকে প্রথমে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় লোকজন জানান, ২২ মে সন্ধ্যায় হোসেন আলী নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মি কয়েকটি গুলি ছোড়ে। তাতে হোসেন আলীর ডান পায়ের হাঁটু এবং বাঁ পায়ের গোড়ালিতে গুলি লাগে।

-পার্বত্য সময়