ভাষা আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল আন্দোলনের সংগঠক আবু নছর মোহাম্মদ গাজীউল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (১৭ জুন)।

১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি নোয়াখালীর নিচিন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন গাজীউল হক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় অনুষ্ঠিত ঐতিহাসিক সভায় সভাপতিত্ব করে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়।

ভাষা আন্দোলনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন গাজীউল হক। তিনি লেখক হিসেবেও পরিচিত ছিলেন। কারাবন্দি অবস্থায়ও কবিতা ও গান রচনা করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর পূর্ব হাজীপাড়ায় তার বাসভবন ‘ঝিলম’ এবং বগুড়ার সুলতানগঞ্জপাড়ার ‘ভাষা নীড়’ প্রাঙ্গণে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে তাঁর পরিবার।

ভাষা আন্দোলন ও সমাজে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশের পদকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা লাভ করেন। ২০০৯ সালের ১৭ জুন তিনি মৃত্যুবরণ করেন।