বর্তমান সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছাতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
রোববার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।
সরকার জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে মীর হেলাল বলেন, সফলভাবে দায়িত্ব পালনের জন্য সকলকে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পূরকের মাধ্যমে কাজ করতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


