জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে কি না-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘ভারত নিয়ে অতি আগ্রহ (ফেসিনেশন) থেকে বের হয়ে আসুন।’ নিজেদের দেশের বিষয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সকালের নাশতা, দুপুরের খাবার, রাতের খাবার-সব সময় খালি ভারতের কথাই ভাবলে চলবে না। নিজের দেশের কথা ভাবুন।’
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার প্রশ্নটি সঠিক হয়নি। ভারত কেবল আরেকটি প্রতিবেশী দেশ, যার সঙ্গে আমরা ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক চাই।’
দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘যার সঙ্গে যখন দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় কথা বলা দরকার, আমরা অবশ্যই তা বলব। কিন্তু সাইডলাইনে সবার সঙ্গে তো আর দেখা করা সম্ভব নয়। তবে আমাদের অনেক নিমন্ত্রণ থাকবে এবং অনেক দেশের সঙ্গে আলোচনা হবে।’
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় সরকার—এমন মন্তব্যও করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক অতীতের ১৫ বছরের সম্পর্ক থেকে বের হয়ে নতুন দিকে যাবে।
এ কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এই সফর বহুপক্ষীয় সফরের অংশ না হয়ে দ্বিপক্ষীয় সফর হওয়া প্রয়োজন।
ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি পুনর্নিরীক্ষণ করা হচ্ছে বলে চিফ হুইপের দেওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বিষয়গুলো সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, ‘এটি চিফ হুইপের আওতাধীন বিষয়। তিনি এ বিষয়ে সঠিক উত্তর দিতে পারবেন।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে।


