অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।
শনিবার (২৭ জুন) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত ‘পাহাড়ি ফল মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে পার্বত্য তিন জেলায় দুর্নীতি, অনিয়ম ও লুটপাট হয়েছে এবং অঞ্চলটি দীর্ঘদিন অবহেলিত ছিল। তবে বর্তমান সরকারের আমলে এসবের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। অতীতে নেওয়া ছোট ও নামসর্বস্ব প্রকল্পের পরিবর্তে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে বাস্তবসম্মত উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।
তিনি জানান, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করতে স্কুলগামী কন্যা শিক্ষার্থী, প্রসূতি মা ও বয়স্কদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় নারীদের জন্য একটি করে বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
শিক্ষা খাতের উন্নয়নে ই-লার্নিং ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। এছাড়া দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে উপরিভাগের পানি ব্যবহার করে নিরাপদ পানির ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
পাহাড়ি কৃষকদের উৎপাদিত ফল ও কৃষিপণ্য সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ এবং অবিক্রিত ফল প্রক্রিয়াজাত করে দেশি-বিদেশি বাজারে বিপণনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এছাড়া তিন পার্বত্য জেলায় মাল্টিপারপাস ক্রীড়া ও সংস্কৃতি কেন্দ্র, রাঙ্গামাটিতে একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ডরমেটরি এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.মনিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ মন্ত্রণালয় ও পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা-২০২৬’-এ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে ৩০টি স্টল অংশ নিয়েছে। আগামী ২৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


